প্রচ্ছদ জাতীয় আদালত চত্বরে ২ আসামিকে হত্যার ভিডিও ফুটেজে যা দেখা গেল

আদালত চত্বরে ২ আসামিকে হত্যার ভিডিও ফুটেজে যা দেখা গেল

খুলনায় আদালতে হাজিরা দিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে দুইজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাসিব হাওলাদার (৪০) ও রাজন (৩৮)। তারা দুইজনে অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন।

ভয়াবহ এই হত্যাকাণ্ডের সময় আদালত ভবনের বারান্দায় শত শত মানুষ দাঁড়িয়ে ছিলেন। তাদেরই একজন মোবাইলে হত্যাকাণ্ডের ভিডিও ধারণ করেন। গণমাধ্যম কর্মীদের হাতে আসা ওই ভিডিও ফুটেজে দেখা যায়, আদালত চত্বরের সীমানা প্রাচীরের গা ঘেঁষে এক যুবক পড়ে আছেন। আরেক যুবক রাম দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে যাচ্ছেন। এ সময় পিস্তল হাতে আরও কয়েকজন যুবক আশপাশে দাঁড়িয়ে রয়েছেন। দুইজনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর পূর্বপাশের সড়ক দিয়ে দলবেঁধে চলে যাচ্ছে হত্যাকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসে রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন তাদের ওপর গুলি চালায় ও চাপাতি দিয়ে কুপিয়ে যখম করে পালিয়ে যায়। এ সময় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, নিহত রাজন শীর্ষ সন্ত্রাসী পলাশের সহযোগী। তার বিরুদ্ধে অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে। গত মার্চ মাসে সোনাডাঙ্গা থানায় দায়ের করা অস্ত্র মামলার ৬ জন এজাহারভুক্ত আসামিদের একজন ছিলেন রাজন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে হাসিব হাওলাদারকে অন্তর্ভুক্ত করা হয়। মামলার চার্জশিটে দু’জনেরই নাম রয়েছে। এজন্য দু’জন একসঙ্গে আদালতে যান।

সূত্র : চ্যানেল২৪