প্রচ্ছদ জাতীয় পরিচয় মিলেছে ফার্মগেটে মেট্রোস্টেশন এলাকায় নিহত যুবকের

পরিচয় মিলেছে ফার্মগেটে মেট্রোস্টেশন এলাকায় নিহত যুবকের

ঢাকার ফার্মগেট মেট্রোস্টেশন এলাকায় বিয়ারিং প্যাড পড়ে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। রোববার দুপুরে মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের কাছে পিলার থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত যুবকের নাম আবুল কালাম। এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও জোনের উপ-কমিশনার মো. আক্কাস আলী।

নিহতের কাছ থেকে পাওয়া পাসপোর্টের তথ্য অনুযায়ী, তিনি শরীয়তপুরের নড়িয়ার ইশ্বরকাঠি এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার কারণে দুপুরে মেট্রোরেলের সব চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) ইফতেখার হোসেন জানান, একটি বিয়ারিং প্যাড পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেলের সব চলাচল বন্ধ রাখা হয়।

এর আগে, ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটেছিল, যা ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছিল।