
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে এবার মুখ খুলেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি সাকিবকে ভিক্টিম না সাজার আহ্বান জানিয়েছেন।
রোববার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবকে নিয়ে পোস্ট দেন।
সেই স্ট্যাটাসে হামিম বলেন, জনাব সাকিব-ভিক্টিম সাজবেন না। ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার সহযোগী হিসেবে বাংলাদেশ এর ইতিহাসে আপনি যুগের পর যুগ কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবেন।
এর আগে, সাকিবকে নিয়ে পোস্ট করেন বর্তমান ডাকসুর ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি এক স্ট্যাটাসে বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয়-খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না।
তিনি আরও লেখেন, ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা- এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন, তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি, রাজনীতিবিদ, কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নরমালাইজ এবং পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে।












































