প্রচ্ছদ জাতীয় সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান আগামী ২০ অক্টোবর পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে লন্ডন থেকে রওনা হবেন। এরপর নভেম্বরের তৃতীয় সপ্তাহে তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ বিএনপির একাধিক ব্যক্তি বাংলা ট্রিবিউন‌কে এ তথ্য জানিয়েছেন।

ওই ব্যক্তিদের বরাতে জানা গেছে, স্ত্রী ড. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ২০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দেবেন তারেক।

ওমরাহ পালন শেষে লন্ডনে ফিরে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে তারেক রহমান দেশে ফেরার পরিকল্পনা করছেন বলেও তারা ইঙ্গিত দিয়েছেন।

এদিকে, তারেক রহমানের সঙ্গে ওমরাহ করতে যেতে ইচ্ছুক ব্রিটেনে অবস্থানরত বিএনপির একাধিক নেতা ইতোমধ্যে নিজেদের আগ্রহের কথা জানালেও, পরিবারের সদস্যদের বাইরে একই ফ্লাইটে আর কারা যাচ্ছেন সেই তালিকা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

বিএনপি সূত্রে আরও জানা যায়, তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সেসময় খালেদা জিয়া তার সঙ্গে যোগ দিয়েছিলেন। এর আগে ২০১৪ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন