
জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলায় কথা বলা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৬টার দিকে ভাষণ শুরু করেন তিনি। বাংলাদেশ সময় তখন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর।
প্রধানমন্ত্রীর কণ্ঠে বিশ্বনেতাদের সামনে উচ্চারিত হচ্ছে বাংলায় বাংলাদেশের কথা। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতি ধারণ করে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে তুলে ধরছেন বাংলাদেশের বার্তা।
প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটি তারেক রহমানের প্রথম ভাষণ।
একই সঙ্গে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দিচ্ছেন তিনি। এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
ভাষণ শুরুর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছিলেন, দেশের মানুষের আবেগ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলা ভাষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
এবারের ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের মতো বিষয় গুরুত্ব পাওয়ার কথা রয়েছে।
নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে প্রধানমন্ত্রীর ভাষণের সময় বাংলাদেশের প্রতিনিধিদল মাঝখানের সারিতে উপস্থিত রয়েছে।












































