
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি এবং এক নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে আজ শনিবার আদালতে নেওয়া হবে। বর্তমানে তিনি বিমানবন্দর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সকালে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘আজ আসামি আখতারুজ্জামানকে আদালতে নেওয়া হবে।’
তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইন অনুযায়ী রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি হুমকি-ধামকি ও কর্মকর্তাদের সঙ্গে বাগ্বিতণ্ডার পর্যায়ে পৌঁছায়। পরে এ ঘটনায় মামলা করা হয়।











































