প্রচ্ছদ জাতীয় যেসব আসনে ব্যালটে থাকছে না ধানের শীষ প্রতীক

যেসব আসনে ব্যালটে থাকছে না ধানের শীষ প্রতীক

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৮টিতে ব্যালটে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ থাকছে না। জোটের শরিকদের জন্য ১১টি আসন ছাড়লেও ৭টিতে ধানের শীষ প্রতীকে নয়, দলীয় প্রতীকে লড়ছেন জোটের শরিকেরা এবং বাকি ৪টি আসনে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে লড়ছেন প্রার্থীরা।

এদিকে রোববার ঋণখেলাপের দায়ে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করেছে আদালত। ফলে এই আসনেও বিএনপির কোনো প্রার্থী না থাকায় ধানের শীষ প্রতীক থাকছে না।

চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা ফেরতের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ। তার প্রার্থিতা বাতিল হলে ৯টি আসনে ধানের শীষ প্রতীক না থাকার সম্ভাবনা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনি সমঝোতা করে চারটি আসন ছেড়ে দেয় বিএনপি। আসনগুলোতে লড়ছেন—সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব।

বিএনপির গফুর ভূঁইয়াও নির্বাচন করতে পারবেন নাবিএনপির গফুর ভূঁইয়াও নির্বাচন করতে পারবেন না
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর লড়ছেন। এসব আসনে জোটের শরিক প্রার্থীরা নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করছেন।

এদিকে ধানের শীষ প্রতীক পেতে নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। তিনি কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচন করছেন।

এ ছাড়া নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ।

ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ ও ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন মুহাম্মদ রাশেদ খান। পরে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন তিনি।