
অনিবার্য কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০। এ অবস্থায় সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য পরিচালনগত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নির্ধারিত বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইটের চলাচল স্থগিত করা হয়েছে। ফ্লাইট দুটির নতুন সময়সূচি বা পরবর্তী কার্যক্রম সম্পর্কে রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভুক্তভোগী যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য সংস্থাটির কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফ্লাইটের সর্বশেষ তথ্য পাওয়া মাত্রই বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।










































