
রাকসু জিএস সালাউদ্দিন আম্মার জানিয়েছেন, তিনি তাসনিম জারাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান না। গতকাল বুধবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মত প্রকাশ করেন।
ওই পোস্টে আম্মার লেখেন, বিএনপির দুজন প্রার্থীকে তিনি সংসদে দেখতে চান। তাদের একজন চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী এবং অন্যজন ঢাকা-৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাসনিম জারা।
পোস্টের মন্তব্যে সালমান আহমেদ নামের একজন লিখেন, হাবিব জিতলে তাসনিম জারাকে হারতে হবে, অথচ তারা দুজনকেই চেয়েছিলেন। জবাবে আম্মার প্রশ্ন তোলেন, তাসনিম জারা কখনো শহীদ ওসমান হাদিকে নিয়ে কোনো কথা বলেছেন কি না।
সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। খুলনার বাসিন্দা এই তরুণ ঢাকায় মাদরাসায় পড়াশোনা করলেও বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ইতিমধ্যে পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।









































