প্রচ্ছদ জাতীয় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

মধ্যরাতে মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টার মধ্যে মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরায় এসব ভূমিকম্পের উৎপত্তি হয়। এরপর ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়। কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় এর উৎপত্তি হওয়ায় আশপাশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। চট্টগ্রামেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর কম্পন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা-সংলগ্ন এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এ সময় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলেও মৃদু কম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের তথ্য পাওয়া গেছে।

এদিকে, ভোরের দিকেও আরও একটি ভূমিকম্পের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভোর ৪টার দিকে ঢাকার ৪৪৩ কিলোমিটার দূরে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়।

তবে সর্বশেষ এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পরপর কয়েকটি ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।