
চরফ্যাশন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। টিবি স্কুল মাঠে জামায়াতের নির্বাচনি জনসভায় যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় তারা।
একই ঘটনায় পৃথক সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের উপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলার অভিযোগ আনা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়েত আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন বলেন, টিবি স্কুল মাঠে জনসভায় যাওয়ার পথে বিএনপি কর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াত কর্মীদের উপর হামলা চালিয়েছে। এতে আমাদের ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। অনেককে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে একই ঘটনায় বুধবার (৪ফেব্রুয়ারি) পৃথক সংবাদ সম্মেলনে বিএনপির আহাম্মদপুর ইউনিয়ন নির্বাচনি পরিচালনা কমিটির সমন্বয়ক অধ্যাপক মঈন লিখিত বক্তব্যে বলেন, ভোলা-৪ (চরফ্যাসন ও মনপুরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্বাচনি প্রচারণার জন্য আহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৃধা বাড়ির জামে মসজিদের সামনে আসলে পূর্বপরিকল্পিতভাবে জামায়াত ও শিবিরের কয়েকজন কর্মী আপত্তিকর ভাষায় মিছিল দিতে থাকে। আমাদের কর্মী নিরব মিয়াজী ও মান্নান তাদের স্লোগান দিতে নিষেধ করে। এসময় আহাম্মদপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির জসিম উদ্দিনের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন নারী ও পুরুষ মিলে আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে। এতে করে আহাম্মদপুর ইউনিয়নের যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীরসহ ৮ জন নেতাকর্মী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহাম্মদপুর ইউনিয়নের জামায়াত ইসলামীর আমির জসিম উদ্দিন বলেন, আমরা তাদের ওপর হামলা করিনি। উলটো তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে।
খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে ৪ জন বিএনপি কর্মীকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
দুলারহাট থানার ওসি মো মিজান জানান, এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর উভয় দলের নেতাকর্মী নিয়ে বসার কথা রয়েছে।










































