
বাংলাদেশে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ভারত। এর অংশ হিসেবে দেশটিতে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বাংলাদেশে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ বিভিন্ন সহকারী মিশনে কর্মরত কর্মকর্তাদের ওপর নির্ভরশীল পরিবার-পরিজনদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণভাবে একটি সতর্কতামূলক ব্যবস্থা।
তবে ভারতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এই সিদ্ধান্তে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক কার্যক্রম কিংবা কনস্যুলার সেবায় কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। ঢাকাসহ দেশের সব ভারতীয় মিশন আগের মতোই পূর্ণমাত্রায় খোলা ও কার্যকর থাকবে।
ভারতের এই সিদ্ধান্তের আওতায় ঢাকার ভারতীয় হাইকমিশনের পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে অবস্থিত ভারতীয় মিশনগুলোর কূটনীতিকদের পরিবারের সদস্যদেরও দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আপাতত এটি নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবেই বিবেচিত হচ্ছে।
সূত্র : জনকণ্ঠ










































