
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ধন্যবাদ জানান।
স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় সংরক্ষিত নারী আসনের এমপির (ফেরদৌসী আহমেদ মিষ্টি) বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে—সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’
এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।
পরে বৃহস্পতিবার দুপুরে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে; তবে তিনি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি নিয়ে তদন্তও চলছে।









































