
‘হু ইজ হাদি?’ মন্তব্যকে কেন্দ্র করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
শুক্রবার (০৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুরের উদ্দেশে তিনি লেখেন, ‘নূরের সঙ্গে হাদির শত্রুতা কোথায়, ভাবছিলাম! ওদের ঈর্ষা, নোংরামি থেকে মৃত হাদিকে ন্যূনতম ছাড় দেওয়া যায় না? ক্ষমতা কি আজীবন থাকবে?’
এদিকে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে শহীদ শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন নুরুল হক নুর।
টকশোতে নুর বলেন, ‘নজরুলের পাশে হাদিকে সমাহিত করা উচিত হয়নি। আজ থেকে পাঁচ বা ১০ বছর পর মানুষ প্রশ্ন তুলতে পারে, “হু ইজ হাদি? জাতির জন্য তার অবদান কী?” রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হাদিকে জাতীয় কবির পাশে নিয়ে আসল। না, না, এটা উচিত হয়নি।’
নুরের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান মাহমুদা মিতু।










































