প্রচ্ছদ জাতীয় জাবের গুলিবিদ্ধ, ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

জাবের গুলিবিদ্ধ, ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

ইনকিলাব মঞ্চ নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ তাদের ওপর হওয়া হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ কর্মসূচি জানানো হয়।

সংগঠন জানিয়েছে, যমুনায় জাবেরসহ তাদের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি আয়োজন করা হবে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে এই কর্মসূচি শুরু হবে।

এর আগে, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় সংঘর্ষে জড়ান। বিকেল ৩টা ৫০ মিনিটে তারা যাত্রা শুরু করলে পুলিশ ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগোতে চাওয়ায় বাধা দেয়।

পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। এই সময় জাবের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়। এছাড়া ডাকসু নেত্রী জুমা, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ কয়েকজন আহত হন। তবে হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের মধ্যে কেউ গুলিবিদ্ধ নয় এবং তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।