প্রচ্ছদ রাজনীতি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের দ্বারপ্রান্তে। এই বিশাল বিজয় নিয়ে অনুভূতি জানতে চাইলে মির্জা ফখরুল আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, “এই বিজয় যেমন আনন্দময়, তেমনি বিষাদময়। আমাদের দলের চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না। অনেক ত্যাগ আর হাজারো প্রাণের বিনিময়ে এই স্বচ্ছ ও চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।”

ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “আমি এই বিজয়ে নিশ্চিতভাবেই মুগ্ধ ও অভিভূত। এই ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি, তবেই গণতন্ত্র রক্ষা করতে পারব। তবে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে—দেশের অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতি কঠোরভাবে দমন করা।”

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের ব্যাপারে নির্বাচন কমিশন ইতিমধ্যে পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই উঠে আসবে আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। নির্বাচনে বিপুল বিজয়ের পর এখন দেশ পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

সূত্র : জনকণ্ঠ