
আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং বিদায় নেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।
বিদায়বেলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান নিজের উপর অর্পিত দায়িত্ব, সাফল্য-সীমাবদ্ধতা ও মূল্যায়ন নিয়ে আজ মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইলে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। নিম্নে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :
আজ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে শেষ কার্যদিবস অতিবাহিত করেছি। যদিও আইন অনুযায়ী নতুন মন্ত্রীসভার শপথ গ্রহণ পর্যন্ত আমি উপদেষ্টা পদে বহাল থাকবো, নির্বাচনের পর নৈতিক বিবেচনায় আমি আর কোন নির্বাহী ক্ষমতা ব্যবহার থেকে বিরত থাকব।
জাতির সেবার সুযোগ পাওয়া যে কোন নাগরিকের জন্য ভাগ্যের বিষয়। এ সৌভাগ্যের জন্য আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উপদেষ্টা পদে কার্যকালে, আমার সাথে কর্মরত সচিববৃন্দ, দফতর ও কোম্পানি প্রধান সহ সকল সহকর্মীর সমর্থন ও অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি, এজন্য তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচন অবাধ, সুষ্ঠ, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর হোক।
আমি আগেও বেশ কয়েকবার বলেছি, যে দল বা জোটই বিজয়ী হোক না কেন, আমরা জাতি হিসাবে তাঁদের পেছনে দাঁড়াব। নতুন সরকারের জন্য শুভকামনা।









































