প্রচ্ছদ হেড লাইন জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ইসিকে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা

জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ইসিকে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা

জাতির জন্য প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) চালকের আসনে রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে। তিনি ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আজ রবিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের চার কমিশনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার প্রত্যয়ে এগিয়ে চলছি।”

বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন প্রধান উপদেষ্টাকে আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। সিইসি বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত।

প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। এছাড়া, নির্বাচনের প্রস্তুতিকালে সর্বাত্মক সহযোগিতা করায় সিইসি আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও প্রধান উপদেষ্টার মাধ্যমে ধন্যবাদ জানান।

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

অপরদিকে, প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।