প্রচ্ছদ জাতীয় ৯৬ ঘণ্টা ইন্টারনেট ব্যাংকিং বন্ধ! জানুন কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

৯৬ ঘণ্টা ইন্টারনেট ব্যাংকিং বন্ধ! জানুন কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে সামনে রেখে অর্থের অপব্যবহার ঠেকাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এসব সেবায় নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। এ সময় বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস প্ল্যাটফর্মে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনে প্রতি লেনদেনে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে, অর্থাৎ মোট সর্বোচ্চ ১০ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নির্বাচনের সময় এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে পিটুপি লেনদেনের অপব্যবহার ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী স্বাভাবিক লেনদেন চালু থাকবে।

নির্ধারিত সময়ের বাইরে এমএফএস প্রতিষ্ঠানের অন্যান্য সেবাও সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সময়ে ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ব্যাংকের অ্যাপের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তরের সুবিধা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এমএফএসের মাধ্যমে কোনো ধরনের আর্থিক অপরাধ সংঘটিত হলে তা দ্রুত নিকটস্থ থানায় জানাতে হবে। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে এমএফএস–সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে আলাদা জরুরি রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় সব ধরনের লেনদেন এমএফএস প্রোভাইডারদের নিবিড় নজরদারির আওতায় রাখতে হবে। কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট থানায় জানাতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দিতে এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।