
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক ফলাফলের ভিত্তিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন বলে জানিয়েছেন দলটির আমির ড. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।
জামায়াত আমির বলেন, “১১-দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন। সরকারে গেলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে জামায়াত। সরকার গঠন করতে পারলে সব দলকে নিয়ে কাজ করা হবে।” তিনি উল্লেখ করেন, নির্বাচনের চূড়ান্ত ফল এখনও ঘোষণা হয়নি, তাই এখনই ফলাফল নিয়ে মন্তব্য করলে ভোটারদের প্রতি সুবিচার হবে না। ধীরে ধীরে সকল ফলাফল আসার পর তারা জাতির গুরুভার পেলে দেশ ও মানুষের জন্য কাজ করবে।
নির্বাচনে দীর্ঘ ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছে ভোটাররা। উৎসবমুখর পরিবেশে সারা দেশের কেন্দ্রগুলোতে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে এখন চলেছে কেন্দ্রভিত্তিক ভোটগণনা।
ইলেকশন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ‘দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে। দুপুরে ভোটের হার কিছুটা কম ছিল।’
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩ জন।












































