প্রচ্ছদ জাতীয় হাসনাত আব্দুল্লাহর আসনে জটিল সমীকরণ, কী হতে যাচ্ছে

হাসনাত আব্দুল্লাহর আসনে জটিল সমীকরণ, কী হতে যাচ্ছে

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের পর রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থির হয়েছিল। তবে জোটসঙ্গী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে বিএনপি সমর্থন দেওয়ায় ভোটের মাঠ আবারও চাঙা হয়ে উঠেছে।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর জয়ের সমীকরণ যতটা সহজ হয়ে উঠেছিল, তা বদলে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম হাতপাখা প্রতীক, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার আপেল প্রতীক এবং গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী জানান, “এখানে ধানের শীষের কোনো প্রার্থী নেই, সে হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিকভাবে কেন্দ্র থেকে নির্দেশনা পেয়েছি গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, ট্রাকের পাশে থাকবেন এবং তাঁর পক্ষে কাজ করবেন।”

জসিম উদ্দিন বলেন, “এই আসনে বিএনপির প্রার্থী না থাকায় কেন্দ্রীয়ভাবে বিএনপি জোটের পক্ষ থেকে আমাকে সমর্থন দেওয়ার কথা মৌখিকভাবে জানানো হয়েছে। বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।”

বিএনপির এমন সমর্থনের পর দলটির নেতা-কর্মীরা ইতোমধ্যেই জসিম উদ্দিনের পক্ষে প্রচার শুরু করেছেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী, জসিম উদ্দিনকে সঙ্গে নিয়ে উপজেলার মাশিকারা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক সরকার, পৌর বিএনপির আহ্বায়ক মাহফুজ, সদস্যসচিব আলিম পাঠান, যুবদল ও ছাত্রদলের নেতারা এবং কৃষক ও মৎস্যজীবী দলের নেতারা।

দেবিদ্বার পৌর এলাকার বিএনপি সমর্থক আলী আহাম্মদ বলেন, “বিএনপির সব গ্রুপ ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে হাসনাত আবদুল্লাহ চাপে পড়তে পারেন।”

বিএনপি সংগঠন হিসেবে জসিম উদ্দিনকে সমর্থন দিলেও বিএনপির বাতিল হওয়া প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গণঅধিকার পরিষদের পক্ষে প্রচারে নামবেন কি না, তা এখনও জানা যায়নি।