
নারী কর্মীদের ওপর হামলা ও হয়রানির ঘটনার বিচার দাবিতে আগামী শনিবারের নির্ধারিত নারী সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলটির সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণের জন্য আগামী ৩১ জানুয়ারি রাজধানীতে অনুষ্ঠেয় জামায়াতে ইসলামীর ঘোষিত ‘মহিলা সমাবেশ’ আপাতত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।
এর আগে, গত ২৭ জানুয়ারি রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নারী সমাবেশের ঘোষণা দিয়েছিলেন।
সে সময় তিনি বলেন, ভোটগ্রহণ প্রক্রিয়া যদি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ না হয়, তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জোরপূর্বক ক্ষমতা দখলের পরিণতি আগের চেয়েও ভয়াবহ হতে পারে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিচার না হলে ৩১ জানুয়ারি ঢাকায় নারী সমাবেশ করা হবে বলে তিনি ঘোষণা দেন।













































