
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন হাইকোর্ট কার্যতালিকা (আউট অব লিস্ট) থেকে বাদ দিয়েছেন। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্ট সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে, গত ১৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, শুনানিতে তার বিরুদ্ধে আনা ঋণখেলাপি ও বিদেশি নাগরিকত্বসংক্রান্ত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।
দাখিল করা নথিপত্র ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য যাচাই-বাছাই করে আপিল বিভাগ নিশ্চিত হয় যে, অভিযোগগুলো ভিত্তিহীন। এ কারণে আপিল খারিজ করে জেলা রিটার্নিং কর্মকর্তার পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়।
এর আগে, গত ৮ ডিসেম্বর মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা নির্বাচন কমিশনে আপিল করে আফরোজা খানম রিতার প্রার্থিতা বাতিলের আবেদন করেন।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র, হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা আফরোজা খানম রিতাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
সূত্র : বিডি২৪লাইভ












































