প্রচ্ছদ জাতীয় যে কারণে স্থগিত হলো জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান

যে কারণে স্থগিত হলো জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার (১ ফেব্রুয়ারি) এ ইশতেহার ঘোষণার কথা ছিল।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়, অনিবার্য কারণে আজ ইশতেহার ঘোষণা করা হচ্ছে না।

জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আকস্মিক ও জরুরি শেরপুর সফরের কারণেই মূলত ইশতেহার ঘোষণার অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে।

স্থগিত হওয়া এ অনুষ্ঠানের পরবর্তী সময় ও তারিখ কবে নির্ধারণ করা হবে, তা রোববার বিকেলের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় শহীদ রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং কবর জিয়ারত করতে শেরপুরের শ্রীবরদী যাবেন জামায়াত আমির।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম জানান, শহীদ রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারতের পর তিনি শেরপুর ও জামালপুরে ২টি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বেলা সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরে নির্বাচনী জনসভা ও দুপুর সাড়ে ১২টা জামালপুরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি।

সবশেষ ঢাকায় ফিরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও জনসভা করবেন তিনি।