প্রচ্ছদ হেড লাইন যদি হুকুম দিতাম, মাটির সঙ্গে মিশিয়ে দিতো: দশমিনায় নির্বাচনী সভায় নুরুল হক...

যদি হুকুম দিতাম, মাটির সঙ্গে মিশিয়ে দিতো: দশমিনায় নির্বাচনী সভায় নুরুল হক নুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির জোট শরিক দল গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী ভিপি নুরুল হক নুরের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, যদি হুকুম দিতাম, মাটির সঙ্গে মিশিয়ে দিতো, কিন্তু আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না।

তিনি বলেন, জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। অস্ত্র কিংবা সন্ত্রাস নয়, ভোটের মাধ্যমেই এই দেশের পরিবর্তন নিশ্চিত করা সম্ভব। এ সময় তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

নুরুল হক নুর আরও বলেন, দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই গণঅধিকার পরিষদের রাজনীতির মূল লক্ষ্য। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই তাদের দমন করতে পারবে না।

নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন, দশমিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম শানু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমেদ মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. গোলাম মোস্তফা এবং দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেনসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তবে জনপ্রিয় নেতা হাসান মামুন প্রার্থিতা প্রত্যাহার না করায় নির্বাচনী সমীকরণ জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা। তাদের মতে, এতে জোট প্রার্থীর সামনে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে নুরুল হক নুর এলাকায় পরিচিতি পেলেও দীর্ঘদিন ধরে বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে চলেছেন হাসান মামুন। জোট প্রার্থী ঘোষণার পর দশমিনা ও গলাচিপা উপজেলার বিএনপির মূলধারার বিপুলসংখ্যক নেতাকর্মী প্রকাশ্যেই হাসান মামুনের পক্ষে মাঠে নেমেছেন।

নির্বাচনী জনসভায় আলিপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। হাজারো মানুষের উপস্থিতিতে সভাটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।

সূত্র : জনকণ্ঠ