
রংপুর-৪ আসনের বিজয়ী ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, বিকাল থেকে হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে। মারধোর করে রক্তাক্ত করছে।
শুক্রবার রাতে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
আখতার হোসেন বলেন, অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার, টাকা লুটপাট করেছে। মোটরসাইকেল ভাঙচুর করেছে৷ আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দিচ্ছে। ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে।
এদিকে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের পরাজিত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টে অভিযোগ করেন, পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০ এর বেশি জায়গায় এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেন সারজিস আলম। তিনি বলেন, এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর, তাদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে পালিয়ে আছে।
অপর এক পোস্টে তিনি বলেন, পঞ্চগড়ের মীরগড়ে বিএনপির নেতাকর্মীদের দ্বারা দোকান ভাঙচুর করা হচ্ছে, বাড়িতে আক্রমণ করা হচ্ছে, রগ কেটে নেয়ার হুমকি দেওয়া হচ্ছে। বিএনপির প্ল্যান কি?












































