প্রচ্ছদ জাতীয় মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫

সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখি পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় পুলিশসহ আহত হয়েছেন প্রায় ১৫ জন।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পথাসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও, চারুগাঁও এলাকার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সিলেট-সুনামগঞ্জ সড়কের যানচলাচল স্বাভাবিক করে। বর্তমানের তেমুখি পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।

জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব কালবেলাকে বলেন, মধ্যে রাতে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।