প্রচ্ছদ জাতীয় ভোটার স্লিপের সঙ্গে টাকা বিলির সময় বিএনপি নেতাসহ আটক ২

ভোটার স্লিপের সঙ্গে টাকা বিলির সময় বিএনপি নেতাসহ আটক ২

কুমিল্লার চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় ওয়ার্ড বিএনপি নেতাসহ দুইজনকে হাতেনাতে ধরা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে টাকা বিলির সময় তাদের হাতেনাতে আটক করে স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

আটকরা হলেন- গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং খাটরা গ্রামের বাসিন্দা ফকির মেম্বার।

জানা গেছে, সকালে আব্দুল মান্নান ও ফকির মেম্বার খাটোরা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। ওই সময় স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হাতেনাতে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২০০ টাকা নোটের দু’টি বান্ডেল জব্দ করা হয়।

উপজেলা জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. মনজুর আহমমদ শাকি জানান, আটক দুই বিএনপি কর্মী ভবিষ্যতে আর অনিয়ম করবে না বলে স্বীকারোক্তি দিয়েছেন। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

গুনবতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, এটা সম্পূর্ণ সাজানো ঘটনা। তারা দুজন সকালে চায়ের দোকানে অবস্থান করছিল। তাদেরকে সেখান থেকে আটক করে নিয়ে ভিডিও করে প্রচার করা হচ্ছে। তারা কোথাও টাকা নিয়ে ভোট কিনতে যায়নি।