প্রচ্ছদ জাতীয় ভোটারদের টাকা বিতরণ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ৬ নেতার কারাদণ্ড

ভোটারদের টাকা বিতরণ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ৬ নেতার কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান রাহাতুল জান্নাত মহিলা মাদ্রাসা এলাকা থেকে যৌথবাহিনী তাদের আটক করে। আটককৃতরা ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে বগাজান এলাকায় ২৫ থেকে ৩০ জনের একটি দল ভোটারদের মাঝে অর্থ বিতরণ করছে—এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালায়।

এ সময় সাতজনকে আটক করা হয়। পরে ঘটনার সত্যতা নিশ্চিত হলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার মায়ের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযান ও আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবালা হোসাইন এবং ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ভান্ডাবো এলাকার মৃত ওয়াহেদ মুন্সীর ছেলে উপজেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ কারি (৭৬), বগাজান এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলে শামসুদ্দিন (৭৫), মৃত আক্কাস আলীর ছেলে মো. মেহেদী হাসান (৪০), ইব্রাহিম মাস্টারের ছেলে তানভীর (৪০), আবুল কাশেমের ছেলে গোলাম রাব্বি (৩০) এবং পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার যশরা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. শহিদ (৫৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত ছয়জনকে গ্রেপ্তার করে রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও ফিরোজ হোসেন জানান, ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ঘ-১৬-৩৩৯৩), নগদ অর্থ ও একটি হিসাবের খাতা জব্দ করা হয়েছে। ওই খাতায় কোন মহল্লায় কবে কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে—সে সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।