
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংসদে বিরোধীদলীয় নেতা হতে যাচ্ছেন। দলীয় নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। অপরদিকে বিরোধীদলীয় উপনেতা পদে সম্ভাব্য প্রার্থী হতে পারেন নাহিদ ইসলাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে জামায়াত ও ১১ দলীয় জোটের সঙ্গে বৈঠকের পর।
সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও হুইপ হওয়ার দৌড়ে আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
চট্টগ্রামের শাহজাহান চৌধুরী এবং সাতক্ষীরার গাজী নজরুল ইসলামকে সম্মানজনক যে কোনো পদ দেওয়া হতে পারে। বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার হবেন।
এই দৌড়ে আলোচনায় আছেন দলের সাবেক আমির মওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও মীর কাসেম আলির ছেলে আয়নাঘর থেকে ফেরত আসা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। তবে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সম্ভাবনা বেশি।
সূত্র মতে, ১১ দলের শরিকদের মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হতে পারেন বিরোধীদলের হুইপ।
জামায়াত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম বলেন, সংসদের এসব পদ নিয়ে দলের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়াও ১১ দলীয় জোট টিকিয়ে রাখার স্বার্থে শরিকদের জন্যও ছাড় দিতে হবে।
সূত্র : ইত্তেফাক











































