প্রচ্ছদ জাতীয় বিদেশে বসে পদত্যাগের ঘোষণা

বিদেশে বসে পদত্যাগের ঘোষণা

ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। দীর্ঘ এক বছর ধরে তিনি বিচার কাজের বাইরে ছিলেন। সোমবার (২ ফেব্রুয়ারি) কানাডা থেকে তিনি তাঁর পদত্যাগপত্রটি পাঠিয়েছেন।

বিচারপতি মামনুন রহমান রাষ্ট্রপতি বরাবর তাঁর পদত্যাগপত্রটি পাঠিয়েছেন, যা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে এসে পৌঁছেছে। তাঁর পারিবারিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, বিনা ছুটিতে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁর বিষয়ে ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ইতিপূর্বেই রাষ্ট্রপতির কাছে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছিল। উল্লেখ্য, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি এর আগে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে অপসারণ করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে ৯ জন বিচারপতি এখন আর দায়িত্বে নেই; কেউ কেউ তদন্তের পর বাধ্যতামূলক অবসরে গেছেন, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আবার কেউ স্বাভাবিক অবসরে চলে গেছেন।

বাকি তিনজন বিচারপতি পদে থাকলেও তাঁরা বর্তমানে বিচারিক কাজে (বেঞ্চের দায়িত্ব) নিয়োজিত নেই। এ ছাড়া, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় চলতি মাসে বিচারপতি এম আর হাসানকেও ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে থাকা মোট ১৩ জন বিচারপতির বাইরে হাইকোর্ট বিভাগের আরও দুই জন বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, যাঁদের একজন ছিলেন এই বিচারপতি মামনুন রহমান।