
দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন বাকি। নির্বাচনের আগে নতুন একটি জরিপে জাতীয়তাবাদী দল বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসন পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এই জরিপ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি সংগঠন, ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সংগঠনটি জরিপের ফলাফল প্রকাশ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আব্দুর রহিম তুহিন। ড. গাজী মিজানুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
জরিপ অনুযায়ী, ৩০০ জন উত্তরদাতার মধ্যে ৭৭ শতাংশ ভোটার বিএনপিকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী পায় ১৬ শতাংশ, এনসিপি ৩ শতাংশ, জাতীয় পার্টি ২ শতাংশ এবং অন্যান্য দল ১ শতাংশ সমর্থন। ১ শতাংশ ভোটার মন্তব্য করেননি। ফলাফলের ভিত্তিতে বিএনপি ২২০টি আসন, জামায়াত ৫৭টি আসন, এনসিপি ২টি, জাতীয় পার্টি ৫টি, স্বতন্ত্র প্রার্থী ১২টি এবং অন্যান্য দল ৪টি আসন পেতে পারে।
গণভোট ইস্যুতে প্রশ্ন করা হলে ৪৯ শতাংশ ভোটার জানান তারা এখনও সিদ্ধান্ত নেননি। ৩০ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দেবেন এবং ২১ শতাংশ ‘না’ ভোট দেবেন। এছাড়া ৯৯ শতাংশ ভোটার জানিয়েছেন তারা নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তুষ্ট।
সংগঠনটি জানাচ্ছে, জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ সাবেক ছাত্র ও ৫ জন পিএইচডি গবেষক অংশ নিয়েছেন এবং ৩০০ জনকে চারটি প্রশ্নের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে।













































