
বেসরকারিভাবে ফলাফল পাওয়ার পর কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি জাতীয় সংসদে যাবে। তাই সরকারের জন্য অন্য কোনো দলের সঙ্গে জোট করার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, নির্বাচনকালীন তথ্য ও জেলা পর্যায়ের ফলাফলের ভিত্তিতে বিএনপি প্রার্থীরা স্পষ্টভাবে জয়ী হয়েছেন, ফলে সরকার গঠনের ক্ষেত্রে আলাদা কোনো সমঝোতার প্রয়োজন পড়বে না।
সালাহউদ্দিন বলেন, নির্বাচনের আগে বিএনপি যে নীতি ও ৩১ দফার ভিত্তিতে কাজ করেছে, সেই অনুসারে সরকার গঠন হবে। এটি হবে জাতীয় সরকার, যেখানে শুধু সেই দল বা ব্যক্তিরাই অংশ নেবেন যারা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যুগপৎ অংশগ্রহণ করেছেন। অন্যদিকে, সংসদে দায়িত্বশীল বিরোধী দল থাকা গুরুত্বপূর্ণ, যাতে সরকারকে চেক এবং ব্যালান্স করতে পারে।
বিজয় উদযাপন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি কোনো বিজয় উল্লাস করবে না। দলের কাছে দায়িত্ব ও কর্তব্যের বোঝা বেশি। তিনি মনে করেন, দেশের মানুষ ইতিমধ্যেই তাদের সমর্থন ও প্রত্যাশা দেখিয়েছে। সালাহউদ্দিন আরও বলেন, বিএনপি বহু বছর ধরে গণতন্ত্র, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করছে এবং দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে সক্ষম। তিনি বলেন, দলের লক্ষ্য হচ্ছে প্রযুক্তিনির্ভর, মেধানির্ভর ও জ্ঞাননির্ভর বাংলাদেশের দিকে এগোনো।
কক্সবাজার-১ আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে সালাহউদ্দিন আহমদ ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবদুল্লাহ আল ফারুক ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট পেয়েছেন। এখানে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন, প্রার্থী ৩ জন এবং কেন্দ্র ১৭৭টি।












































