
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় এ সংঘর্ষ ঘটে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ওই এলাকায় শাপলা কলির শোডাউন চলাকালে সড়কের ওপর টানানো বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষের নির্বাচনী ব্যানার জামায়াতের নেতাকর্মীরা ছিঁড়ে ফেলে। এ বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে চারজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, ১১ দলীয় জোট তথা জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী উপজেলা থেকে জনসভা শেষে শোডাউন করে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে তাদের গতিরোধ করে হামলা চালায়। এতে একজন নারীসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুজনকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান।
অন্যদিকে, গভীর রাতে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির পঞ্চগড় সদর হাসপাতালে গিয়ে আহত নেতাকর্মীদের খোঁজ নেন। তিনি বলেন, “নেতাকর্মীদের ওপর হামলা কখনোই কাম্য নয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।”
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষের কর্মীরা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।










































