প্রচ্ছদ জাতীয় বিএনপি-জামায়াতের এজেন্টদের আগাম স্বাক্ষর করা ২৩ রেজাল্ট শিট জব্দ

বিএনপি-জামায়াতের এজেন্টদের আগাম স্বাক্ষর করা ২৩ রেজাল্ট শিট জব্দ

ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদরের আংশিক) একটি ভোটকেন্দ্র থেকে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীদের এজেন্টদের আগাম স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা।

ঘটনার পর কেন্দ্রটি পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং অফিসার ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজওয়ানা নাহিদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, খবর পেয়ে কেন্দ্রে গিয়ে আগাম স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়। পরবর্তীতে সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি বলেন, ‘এই রেজাল্ট শিট নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।’ নতুন করে রেজাল্ট শিট প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রিজাইডিং অফিসার পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি আগাম স্বাক্ষরিত রেজাল্ট শিট উদ্ধারের বিষয়ে অবগত হন। তবে তিনি সরাসরি দেখেননি সেগুলো কোন প্রার্থীর ছিল। জব্দ করা রেজাল্ট শিট বাতিল করে নতুন শিট তৈরির প্রক্রিয়া চলছে এবং দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Independent Television YouTube Channel
প্রিজাইডিং অফিসার জেসমিন আরা জানান, বিষয়টি না বুঝেই ধানের শীষ প্রতীকের এজেন্ট জিল্লুর রহমান এবং দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট ওমর ফারুকের স্বাক্ষর নেওয়া হয়েছিল। ভুল বুঝতে পেরে রেজাল্ট শিটগুলো ছিঁড়ে ফেলা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. জেল্লাল হোসেন বলেন, সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে বদলি করে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হবে।