
ঝালকাঠিতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওমীলীগ নেতার বিরুদ্ধে। ভিকটিম সদর উপজেলার পোনাবালিয়ার মৃত. হাকিম ব্যাপারীর পুত্র খোকন ব্যাপারী ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়ের তালুকদার ফিলিং স্টেশনের কর্মচারী।
হামলায় নেতৃত্বদানকারী মেহেদী হাছান মাঝি স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। শনিবার রাতে পোনাবালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম রাজাপুর এর সাবেক মহিলা মেম্বার মাকসুদা বেগমের বাড়ির সামনের জলিল ফকিরের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত সূত্র জানায়, পোনাবালিয়া ইউপির সাবেক ইউপি সদস্য ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মেহেদি হাসান মাঝির নেতৃত্বে মৃত মোশাররফ মাঝির পুত্র কাওছার মাঝী সাখাওয়াত খলিফার পুত্র তানিম খলিফা, নান্নু মৃধার পুত্র রিয়াদ মৃধা পরিকল্পিতভাবে বিএনপির কর্মী খোকন বেপারীর উপর হামলা করে। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।সাবেক ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মেহেদী হাছান বলেন, আমি ও খোকন ভাই আত্মীয়। আমাদের মধ্যে বিএনপির নির্বাচনি ওয়ার্ক করা নিয়ে ভুল বোঝাবুঝি ছিলো আমি সেটা সমাধান করতে আসছিলাম। আমি কোন হামলা করিনি, তার মাথা কিভাবে ফাটছে আমি জানিনা। খোকন বেপারী উল্টাে আমার কলার ধরেছিলো পরে আমি সেখান থেকে চলে এসেছি। সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, এব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।









































