প্রচ্ছদ জাতীয় বিএনপিতে যোগদান করেও শেষ রক্ষা হলো না আলোচিত যুবলীগ নেতার

বিএনপিতে যোগদান করেও শেষ রক্ষা হলো না আলোচিত যুবলীগ নেতার

বিএনপিতে যোগদান করেও শেষ রক্ষা হয়নি কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলোচিত যুবলীগ নেতা এসহাক মোল্লা জুয়েল ওরফে জুয়েল মোল্লার।

শনিবার রাতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে তার নিজ গ্রাম মানিককান্দি থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার করেছে।

আটক জুয়েল মোল্লা ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জুয়েল মোল্লা বিগত ১৭ বছর মানিককান্দি গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন।

আরও জানা যায়, জুয়েল মোল্লার বিরুদ্ধে মানিককান্দি গ্রামে ৩০টি পারিবারের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে নিঃস্ব করে দেওয়ার অভিযোগ আছে। তার ভয়ে মানিককান্দি গ্রামের ৩০টি পরিবার ২ বছর গ্রামে প্রবেশ করতে পারেনি। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৫ আগস্টের পর ভুক্তভোগী পরিবারগুলো গ্রামে প্রবেশ করলে জুয়েল মোল্লা ও তার বড় ভাই বাদল মোল্লা দলবল নিয়ে বিএনপিতে যোগদান করেন এবং কেন্দ্র দখল করার উদ্দেশে প্রকাশ্যে এলাকায় শোডাউন করেন বলেও অভিযোগ উঠেছে।

অপরদিকে নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপিতে যোগদানের বিষয়টি ইতিবাচক দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন, বিগত ১৭ বছর যারা শোষণ করেছে তারাই আজ আবার বিএনপিতে যোগদান করছেন এখানে তাদের উদ্দেশ্য আছে।

আকস্মিক এ যোগদানের কারণে স্থানীয় বিএনপি সাধারণ মানুষের কাছে সমালোচিত হচ্ছে।

তিতাস থানার ওসি আরিফ হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে মানিককান্দি গ্রাম থেকে এসহাক মোল্লা জুয়েল নামে একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সূত্র : যুগান্তর