
পটুয়াখালীর মহিপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন মো. দ্বীন ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতা।
বুধবার (২১ জানুয়ারি) রাতে ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
দ্বীন ইসলাম মহিপুর থানার ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতির দায়িত্বে ছিলেন এবং একই সঙ্গে মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল (অর্থ কমিটি) দায়িত্বও পালন করছিলেন।
ফেসবুক স্ট্যাটাসে দ্বীন ইসলাম উল্লেখ করেন, ২০২৫ সালের ৫ আগস্টের পর তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ইসলামি হুকুমত প্রতিষ্ঠায় ভূমিকা রাখার উদ্দেশে তিনি দলীয় রাজনীতিতে যুক্ত হলেও পরবর্তীতে দলীয় পর্যায় থেকে যে বার্তা পেয়েছেন, তা তার মতে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার প্রতি আন্তরিকতার অভাব প্রকাশ করে। বিষয়টি তার আদর্শ ও নৈতিক অবস্থানের পরিপন্থি হওয়ায় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি ভবিষ্যতেও ন্যায় ও সত্যের পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. তোফাজ্জল সিপাহি জানান, ৫ আগস্টের পরে অনেকেই জামায়াতের রাজনীতিতে যুক্ত হয়েছেন। দ্বীন ইসলামকে প্রথমে ইউনিয়ন বাইতুল মালের দায়িত্ব দেওয়া হয় এবং পরে সেরাজপুর গ্রামে ৭নং ওয়ার্ডের সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়। তবে তার দায়িত্ব পালনে একাধিক ত্রুটি লক্ষ্য করা গেছে। তিনি কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে আমরা নিশ্চিত নই।













































