
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে চমক দেখিয়ে জিতেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উল্লাপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত ১৪৭টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ধানের শীষে এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট, আর দাঁড়িপাল্লায় রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। মূল ভোটের ব্যবধান মাত্র ৭৬৫ ভোট হওয়ায় চূড়ান্ত বিজয়ী তখনো নিশ্চিত ছিল না।
এরপর পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা করা হয় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। এই আসনে বৈধ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সংখ্যা ছিল ৩ হাজার ২১ টি। এতেই বাজিমাত করে ফেলেন জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট। অন্যদিকে এগিয়ে থাকা বিএনপির এম আকবর আলী ৮২০ ভোট পেয়ে পিছিয়ে যান।
১৪৭টি কেন্দ্রের ভোটের সাথে পোস্টাল ব্যালটের ভোট গণনার পর দেখা গেছে, জামায়াতের রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। অন্যদিকে বিএনপির এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। ফলে রফিকুল ইসলাম খান ৫৯৪ ভোটের ব্যবধান নিয়ে সিরাজগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।









































