প্রচ্ছদ জাতীয় পুনরায় ভোট গণনার দাবি বিএনপি প্রার্থীর

পুনরায় ভোট গণনার দাবি বিএনপি প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে ৩ হাজার ৬৮৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তবে ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে সংবাদ সম্মেলন করে হাবিবুর রহমান হাবিব পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছে পুনঃগণনার আবেদন জানান।

তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে ঘোষিত ফলাফলে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যাপক আবু তালেব মন্ডল পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯৭০ ভোট।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাবনা-৪ আসনের অন্তর্ভুক্ত ঈশ্বরদীতে ৮৪টি এবং আটঘরিয়ায় ৪৬টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়।

বিজয়ী অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, এ বিজয় ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষের। সবার দোয়া ও সহযোগিতা চাই। আমরা সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।