প্রচ্ছদ জাতীয় পাবনা-১: বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

পাবনা-১: বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার সাঁথিয়া আসনে জামায়াতে ইসলামীর প্রয়াত আমীর মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ২৪ হাজার ৮০৪ ভোটের ব্যবধানে জয় পান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না উপজেলা চত্বরে ফল ঘোষণা করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, দাঁড়িপাল্লা প্রতীকে নাজিবুর রহমান মোমেন পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল গণি এবং মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম নির্বাচনে অংশ নেন।

নির্বাচনের আগে আসনটির সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা দেখা দেয়। পূর্বের সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত আসনের সীমানা পরিবর্তন করে সাঁথিয়াকে একক আসন ঘোষণা করা হলে এ বিষয়ে আইনি জটিলতা সৃষ্টি হয়। রিট ও পাল্টা রিটের কারণে নির্বাচনী কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়। অন্য আসনগুলোতে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হলেও এ আসনের প্রার্থীরা প্রতীক পান ২৭ জানুয়ারি।

তবে নির্ধারিত তারিখ অনুযায়ী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭২৩ জন। ৯৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হয় এবং ৭০ দশমিক ৬৩ শতাংশ ভোটার ভোট দেন।