প্রচ্ছদ জাতীয় নিহত যুবদল নেতা

নিহত যুবদল নেতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফুট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মাহমুদ হাসান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতের দিকে পূর্বাচল ৩০০ ফুট সড়কের ল্যাংটার মাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আনোয়ার হোসেন রূপগঞ্জ সদর ইউনিয়নের জাহাঙ্গীর এলাকার বাসিন্দা। তিনি কুদরত আলীর ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় কাঞ্চন সেতুগামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মারা যান।

গুরুতর আহত মাহমুদ হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।