
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী জাহানকে সমর্থনের ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুর শহরের শকুনি লেক পার্কের মুক্ত মঞ্চে ধানের শীষের একটি মিছিল শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।
সমর্থন ঘোষণাকালে ব্যারিস্টার শহিদুল ইসলাম বলেন, বৃহত্তর স্বার্থে আমি ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী জাহানের পক্ষে মাঠে থাকব। তাকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা করব।
তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু ব্যক্তি বা দলের নয়, বরং গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। তাই সবাইকে ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া এবং ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।
উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু ও মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।













































