প্রচ্ছদ জাতীয় নির্বাচনের পরে গায়ের জোরে হলেও বিএনপির রাজনীতি করবো: বহিস্কৃত নেতা জাকারিয়া পিন্টু

নির্বাচনের পরে গায়ের জোরে হলেও বিএনপির রাজনীতি করবো: বহিস্কৃত নেতা জাকারিয়া পিন্টু

পাবনা–৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু বলেছেন, নির্বাচনে জয়–পরাজয় যাই হোক, নির্বাচনের পরও তিনি গায়ের জোরে হলেও বিএনপির চালিয়ে যাবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী বাজারের পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত এক নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জাকারিয়া পিন্টু।

নিজেকে শহীদ জিয়ার সৈনিক দাবি করে জাকারিয়া পিন্টু বলেন, ‘আমি গায়ের জোরেই এই দল করে এসেছি। আমাকে প্রতিপক্ষ দল করতে দেয়নি কখনোই, গায়ের জোরেই করে এসেছি এবং গায়ের জোরেই করি; এটা তারেক রহমান নিজেই জানেন। অতএব এই দল আমার এবং আমি করবই।’

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে জাকারিয়া পিন্টু বলেন, প্রচারণাকালে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছেন, বিশেষ করে তরুণদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী বলেও উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তার অনুসারীরা ভোটারদের হুমকি দিচ্ছেন। এসব অভিযোগ সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা। সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাধিক সাবেক নেতা বক্তব্য দেন।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় জাকারিয়া পিন্টুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তিনি এর আগে পাবনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। অতীতে একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী থাকার পর গত ৫ আগস্টের পর তিনি মুক্তি পান।