
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আরেক নেতা সুখবর পেয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের কারণে বহিষ্কার হওয়ার পর বিএনপি নেতা মো. শামছুল আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ঝালকাঠি জেলাধীন কাঠালীয়া উপজেলার অন্তর্গত ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামছুল আলমকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী সুখবর পান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ আলীর স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করে ধানের শীষ প্রতীককে সমর্থন করায় বিএনপি তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনঃপ্রদান করেছে।
এতে আরও জানানো হয়, দলের শৃঙ্খলা ও নিয়ম অনুযায়ী পদ পুনঃপ্রদান করা হয়েছে এবং মোহাম্মদ আলী এখন পুনরায় দলের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।
সূত্র : কালবেলা











































