প্রচ্ছদ জাতীয় “জামায়াত আমিরের বক্তব্য সঠিক, তিনি কারও সম্মান নষ্ট করেননি, আমি প্রথম বিদ্রোহ...

“জামায়াত আমিরের বক্তব্য সঠিক, তিনি কারও সম্মান নষ্ট করেননি, আমি প্রথম বিদ্রোহ করেছি” : কর্নেল অলি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অলি আহমেদ।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১১ দলীয় জোটের এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কর্নেল অলি আহমেদ বলেন, জামায়াতের আমির কোথাও বলেননি যে তিনি স্বাধীনতার ঘোষক। বরং তিনি বলেছেন, চট্টগ্রাম থেকে প্রথম বিদ্রোহ সংঘটিত হয়েছিল এবং তিনি নিজে ‘উই রিভল্ট’ উচ্চারণ করে বিদ্রোহ করেছিলেন—যা ঐতিহাসিকভাবে সত্য।

তিনি বলেন, “জামায়াতের আমির ঠিকই বলেছেন। তিনি কারও সম্মান ক্ষুণ্ন করার মতো কোনো বক্তব্য দেননি।”

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে আয়োজিত এক সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং সেখান থেকেই প্রথম বিদ্রোহ সংঘটিত হয়। ওই বক্তব্যের পর বিএনপির কিছু নেতাকর্মী সামাজিক মাধ্যমে দাবি করেন, জামায়াত আমির কর্নেল অলি আহমেদকে স্বাধীনতার ঘোষক হিসেবে উপস্থাপন করেছেন। তবে ভিডিও যাচাইয়ে দেখা যায়, তিনি কর্নেল অলিকে কখনো স্বাধীনতার ঘোষক বলেননি।

এ বিষয়ে কর্নেল অলি আহমেদ বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বক্তব্য বিকৃত করে সমালোচনা করছে, তারা দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। তিনি মন্তব্য করেন, ইতিহাস বিকৃত না করে সঠিক তথ্য তুলে ধরা উচিত।

এই বক্তব্যের মাধ্যমে চলমান বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেন এলডিপি চেয়ারম্যান এবং জামায়াত আমিরের বক্তব্যকে সমর্থন জানান।