প্রচ্ছদ জাতীয় কোনো প্রকার বুলেট ব্যবহার করা হয়নি : ডিসি মাসুদ

কোনো প্রকার বুলেট ব্যবহার করা হয়নি : ডিসি মাসুদ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপকমিশনার মো. মাসুদ আলম ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়ার দাবি নাকচ করে বলেছেন, ঘটনাস্থলে কোনো ধরনের বুলেট বা রাবার বুলেট ব্যবহার করা হয়নি। তার ভাষায়, আন্দোলনকারীরা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের আঘাতে আহত হয়ে থাকতে পারেন।

শুক্রবার বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, রিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল যমুনার দিকে অগ্রসর হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। তবে কোনো প্রকার বুলেট নিক্ষেপ করা হয়নি।

রমনা জোনের এই কর্মকর্তা বলেন, ৫ আগস্টের পর থেকে এই এলাকায় কখনো গুলি চালানো হয়নি। তিনি জানান, শুরুতে ঘটনাস্থলে না থাকলেও পরে গিয়ে দেখেন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এবং বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেছে।

ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, বিক্ষোভ চলাকালে পুলিশি অভিযানে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ বিষয়ে ডিসি মাসুদ আলম বলেন, এ ধরনের দাবি সঠিক নয় এবং কোনো বুলেট বা রাবার বুলেট ব্যবহারের ঘটনা ঘটেনি।

সূত্র : বার্তা বাজার