
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট ক্ষমতায় এলে যারা মন্ত্রী হতে পারেন, তার আংশিক চিত্র ইতিমধ্যেই সামনে এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বিভিন্ন নির্বাচনী জনসভায় চার নেতার নাম ঘোষণা করেছেন।
সর্বশেষ রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় অনুষ্ঠিত ১১-দলীয় জোটের নির্বাচনী সভায় তিনি ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, ‘‘ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় এলে নাহিদ ইসলামকে সরকারে একজন মন্ত্রী হিসেবে দেখা যাবে’’। এ সময় তিনি যুব নেতৃত্বের ওপর আস্থার কথাও তুলে ধরেন।
এর আগে ৩১ জানুয়ারি কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিসভার সিনিয়র সদস্য করার ঘোষণা দেন জামায়াত আমির। ২ ফেব্রুয়ারি কক্সবাজারের মহেশখালীতে অনুষ্ঠিত এক জনসভায় তিনি বলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের জামায়াত প্রার্থী হামিদুর রহমান আযাদ নির্বাচিত হলে তাকেও সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে। এছাড়া ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফরের সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক সভায় তিনি বলেন, ‘‘১০ দলীয় ঐক্য সরকার গঠিত হলে এবং মাওলানা রফিকুল ইসলাম খান নির্বাচিত হলে তিনি মন্ত্রী হতে পারবেন।’’
এইভাবে ধাপে ধাপে ঘোষণার মাধ্যমে সম্ভাব্য মন্ত্রিসভার একটি আংশিক চিত্র প্রকাশ করেছে দলটি।












































