
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার চান্দিনা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এবং মৎস্যজীবী দলের তিন শীর্ষ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা উত্তর জেলাধীন চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল্লাহ বাপ্পি এবং চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম মুন্সীকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদসহ বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে চান্দিনা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাত্তার মাষ্টারকেও মৎস্যজীবী দলের সকল দায়িত্ব এবং বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে এবং বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই তিন নেতাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। এই আদেশের ফলে বহিষ্কৃত নেতারা এখন থেকে জাতীয়তাবাদী দল ও এর কোনো অঙ্গসংগঠনের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
সূত্র: The Daily campus













































