
রাষ্ট্র সংস্কার কার্যক্রম থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তাঁর অভিযোগ, আমলাদের কাছে কার্যত আত্মসমর্পণ করেছে উপদেষ্টা পরিষদ। যার ফলে রাষ্ট্র সংস্কারের মৌলিক পদক্ষেপগুলো ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। সোমবার ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘সরকার নিজেই জুলাই সনদ লঙ্ঘন করেছে।’ জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১১টি কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। সেসব কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার ইতিমধ্যে ৮টি অধ্যাদেশ জারি করেছে।
জারি করা এই অধ্যাদেশগুলোর চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘সুশাসন নিশ্চিত করতে আইন প্রণয়নে সংশ্লিষ্ট সংস্কার কমিশনসহ বিভিন্ন অংশীজনের যৌক্তিক সুপারিশগুলো উপেক্ষা করা হয়েছে। অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যা কিছু করেছে, প্রায় সব ক্ষেত্রেই অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে।’ আমলাতন্ত্রের প্রভাব নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘কোন কাগজে সই হবে বা কোন সিদ্ধান্তে স্বাক্ষর দেওয়া হবে, তা এখন উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেয় না। এটি আমলাতন্ত্রের ভেতরে থাকা অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি বা মহলের ইচ্ছায় নির্ধারিত হচ্ছে।
কোন উপাদানে দাড়ি-কমা রাখা হবে আর কোনটি বাদ দেওয়া হবে—তা আমলারাই ঠিক করে দিচ্ছে।’ ড. ইফতেখারুজ্জামান আরও অভিযোগ করেন, এই সরকারও বিগত সরকারের মতো সাইবার নিরাপত্তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এমনকি দুর্নীতি দমন কমিশনেও (দুদক) এখন আমলাতন্ত্র কায়েম হয়েছে বলে তিনি মন্তব্য করেন।












































